ওয়ানডে ক্রিকেটে রীতিমতো তাণ্ডব চালালেন ভারতীয় তারকা ক্রিকেটার অভিষেক শর্মা। ঘরোয়া ক্রিকেটে বিস্ফোরক ইনিংস খেলে ওয়ানডেতে ডবল সেঞ্চুরি হাঁকালেন এই বাঁহাতি তারকা।
পঞ্জাব আন্তঃজেলা সিনিয়র প্রতিযোগিতায় অমৃতসরের হয়ে নেমেছিলেন অভিষেক। মাত্র ৯১ বলে ২৩৩ রানের ‘সুপার সাইক্লোনিক’ ইনিংস খেললেন। তার ইনিংস সাজানো ১৫টি চার ও ২৫টি ছক্কা। স্ট্রাইক রেট ২৫৬.০৪।
রোববার অমৃতসরের গান্ধী গ্রাউন্ডে হওয়া এই ম্যাচে শুরু থেকে তুরীয় মেজাজে ছিলেন অভিষেক। তরন তারণের বোলারদের একেবারেই রেয়াত করেননি। অভিষেকের মারকাটারি ইনিংসের সৌজন্যে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩৩ রানের পাহাড় গড়ে অমৃতসর।
অভিষেকের বিধ্বংসী ইনিংসের ভিডিও এবং স্কোর কার্ড সোশাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল। তার ইনিংসকে ‘স্টেটমেন্ট নক’ বলে আখ্যা দিয়েছেন নেট নাগরিকরা।
বছরের শুরুতে টি-টোয়েন্টি ব্যাটারদের আইসিসি ক্রমতালিকার শীর্ষে থাকা অভিষেক এখন তিন নম্বরে। জিম্বাবুয়ে সফরে তিন ইনিংসে তার রান ছিল মাত্র ১১। গড় ৩.৬৬। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টি-টোয়েন্টিতে করেছিলেন ১৩১ রান। গড় ২৬.২। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে ৪৯ রান। গড় ২৪.৫। শেষ ১০টি টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি হাফসেঞ্চুরি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অফ স্পিনের বিরুদ্ধে একাধিকবার উইকেট দিয়ে এসেছেন। বিশ্বকাপের পরেও বিপক্ষ দলের অধিনায়ক সেই দুর্বলতায় বারবার আঘাত হেনেছেন। পরিসংখ্যানও সেই ছবিই তুলে ধরছে। বিশ্বকাপের আগে অভিষেকের গড় ছিল ৩৭.০৫। স্ট্রাইক রেট প্রায় ১৯৫।
বিশ্বকাপের পর সেই গড় নেমে এসেছে ১৯.৪-এ। স্ট্রাইক রেটও কমে দাঁড়িয়েছে ১৬৫-এর আশপাশে। সেই কারণে অনেকেই মনে করছেন, ২৩৩ রানের এই ইনিংস নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস ফেরাবে।
সম্পাদক ও প্রকাশক: মো: মহিউদ্দিন আহম্মেদ
সহ সম্পাদক : আছিয়া উদ্দিন লীনা
সম্পাদকীয় কার্যালয় :
৬৯৮/এ, উত্তর কাফরুল
মিরপুর, ঢাকা-১২১৬।
Copyright @2023 Tnews24