হাসনাত আবদুল্লাহর ঘোষিত ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি কর্মসূচিতে কেউ যেন অর্থ না দেন, সেই আহ্বান জানান। একই সঙ্গে হাসনাত ও তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তোলেন তিনি।
পোস্টে হামিম দাবি করেন, এর আগেও বন্যার অনুদানের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল এবং এবার ‘গণভিক্ষা’ কর্মসূচির মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তার এসব অভিযোগের পক্ষে পোস্টে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
হামিম আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর হাসনাতদের ঘনিষ্ঠ ব্যক্তিদের জীবনযাপনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এ প্রসঙ্গে তিনি পোশাক, মোবাইল ফোন, সাইকেল ও গাড়ির উদাহরণ তুলে ধরেন।
এরপরও কেন অর্থ সংগ্রহের প্রয়োজন হচ্ছে—এমন প্রশ্ন তুলে হামিম বলেন, কেউ যেন কথিত ‘ভিক্ষা কর্মসূচিতে’ টাকা না দেন। তিনি আরও অভিযোগ করেন, এভাবে অর্থ সংগ্রহের মাধ্যমে অতীতে অর্জিত কথিত ‘কালো টাকা সাদা’ করার চেষ্টা করা হচ্ছে।
পোস্টের শেষ দিকে কর্মসূচি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘সাধু সাবধান।’
এর আগে সোমবার হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণার কথা জানান। তিনি এটিকে চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেন এবং বাংলামোটরে বিকেল ৪টায় বিশেষ দানবক্স স্থাপনের কথা জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: মহিউদ্দিন আহম্মেদ
সহ সম্পাদক : আছিয়া উদ্দিন লীনা
সম্পাদকীয় কার্যালয় :
৬৯৮/এ, উত্তর কাফরুল
মিরপুর, ঢাকা-১২১৬।
Copyright @2023 Tnews24