• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ডাকসু সংস্কার ও আচরণবিধির খসড়া প্রস্তুত, মার্চেই ঘোষণা রোডম্যাপ

রিপোর্টার নাম: / ৬৭ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ডাকসু সংস্কার ও আচরণবিধির খসড়া প্রস্তুত, মার্চেই ঘোষণা রোডম্যাপ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর আচরণবিধি সংক্রান্ত প্রাথমিক খসড়া ও শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবের ভিত্তিতে সংস্কার বিষয়ের খসড়া প্রস্তুত করা হয়েছে। আগামী মার্চের মাঝামাঝি সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়া যেতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ‘সম্মিলিত ডাকসু আন্দোলন’ প্লাটফর্মের সাথে কথা বলার সময় একথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

 

উপাচার্য বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে প্রত্যেকটা বিষয়ে নতুন কাঠামো ঠিক করতে হচ্ছে। অনেকগুলো জায়গা এলোমেলো হয়ে আছে। ডাকসু নির্বাচনে বড় বাধা ছিল আওয়ামী লীগের সিন্ডিকেট সদস্যদের নিয়ে আপত্তি। সেটি অনেক সাধনার পর পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত সিন্ডিকেটের আজ প্রথম সভা করবে। ২৯১টা এজেন্ডা নিয়ে এ সভায় আলোচনা হবে।

 

তিনি বলেন, ডাকসু বিষয়ে ৩টি কমিটি খুব ভেবেচিন্তে গঠন করা হয়েছে। কমিটিগুলো খুব দ্রুতই কাজ এগিয়ে নিচ্ছে। গতকাল সোমবার সকল কমিটি থেকে কাজের অগ্রগতি চাওয়া হয়েছে। আজ রাতে বা কাল বিকালের মধ্যে তারা অগ্রগতি জানাবে। তারা জানানোর পর এ অগ্রগতি আমরা শিক্ষার্থীদেরও জানিয়ে দিব।

 

আচরণবিধি সংক্রান্ত কমিটির কার্যক্রম নিয়ে উপাচার্য বলেন, ডাকসুর আচরণবিধি সংক্রান্ত প্রাথমিক খসড়া তৈরি হয়ে গেছে। ৪ মার্চ এই খসড়া শিক্ষার্থী এবং অংশীজনদের অনলাইনে দেখানো হবে। তারপর এটি সিন্ডিকেটে অনুমোদন পেলে চূড়ান্ত হবে।

 

প্রত্যেকটি কমিটির কার্যক্রম খুব দ্রুত শেষ করে সিন্ডিকেটে উঠানো হবে জানিয়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, আগামী মাসে পরপর ৩টা সিন্ডিকেট সভার আয়োজন করব। দ্বিতীয় সিন্ডিকেটে ডাকসুর সকল কার্যক্রম চূড়ান্ত করার চেষ্টা করব।

 

মার্চের মাঝামাঝি সময়ে সংবিধান চূড়ান্ত করে খুব দ্রুত নির্বাচন কমিশন নিয়োগ দিব। নির্বাচন কমিশন হল এবং বিভাগগুলোর সহায়তায় ভোটার তালিকা ঠিক করবে এবং রোডম্যাপ ঘোষণা করবে।

 

গঠনতন্ত্র সংস্কার কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থী এবং ছাত্রসংগঠনগুলোর প্রস্তাবের ভিত্তিতে সংস্কার বিষয়ের খসড়া প্রস্তুত করা হয়েছে। কালকেই এটি চূড়ান্ত করে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানার জন্য অনলাইনে দেওয়া হবে। তারপর চূড়ান্ত খসড়াটি সিন্ডিকেটে আলোচনার ভিত্তিতে অনুমোদন করা হবে।

 

পরামর্শ বিষয়ক কমিটির কাজের অগ্রগতি নিয়ে উপ-উপাচার্য ড. সাইমা হক বিদিশা বলেন, এ কমিটি অন্যান্য কমিটির অনেক পরে গঠন করা হয়েছে। কমিটি ছাত্রসংগঠনগুলোর সাথে ইতোমধ্যে বসেছে। এ বিষয়ে প্রোভোস্ট, ডিন এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে শীগ্রই বসা হবে। এছাড়া আগামীকালই গুগল ফর্ম প্রস্তুত করে শিক্ষার্থীদের পরামর্শ সংগ্রহ শুরু করা হবে।

 

এর আগে দুপুর সাড়ে ১২টায় ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে ‘সম্মিলিত ডাকসু আন্দোলনের’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা উপাচার্য বরাবর দাবির পক্ষে সংগৃহীত ১ হাজারের অধিক স্বাক্ষর জমা দিয়েছেন।

 

সম্মিলিত ডাকসু আন্দোলন প্লাটফর্মের নেতৃস্থানীয় আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জামালুদ্দিন খালেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। সহিংস রাজনীতির ধারা তৈরি হওয়ার সম্ভবানা তৈরি হচ্ছে। আমরা যারা রাজনীতি করি না ক্যাম্পাসে তাদের কোনো অভিভাবক নেই। প্রশাসন নিজেদের মতো করে কোনো সিদ্ধান্তও নিতে পারছে না। তাদের সকল সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে। তারা সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করছে। অভ্যুত্থানের পর ৭ মাস চলে গেলেও এখনো তারা কী সংস্কার করছে তা আমাদের বুঝে আসে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ