নেত্রকোনা-১ (সদর-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য কায়সার কামাল মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি নিজে মন্ত্রিসভায় ডাক পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
কায়সার কামাল বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব। মঙ্গলবার বিকেলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
কায়সার কামাল বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন (কল) পেয়েছি। দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। আমি জনগণের জন্য রাজনীতি করি। জাতি–বর্ণ–ধর্ম নির্বিশেষে দুর্গাপুর ও কলমাকান্দার জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তাদের কাছে দেওয়া ওয়াদা যেন আমি রক্ষা করতে পারি, আমার জন্য প্রার্থনা করবেন। আমি যেন সব সময়ই জনগণের সেবক হয়ে থাকতে পারি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দল মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী গোলাম রব্বানীর চেয়ে ৭০ হাজার ৮৫৫ ভোট বেশি পান কায়সার কামাল।