প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
টিকা দিতে যাওয়ার সময় মাকে অচেতন করে ৩ মাসের শিশুকে অপহরণ
ভোলায় মালেরহাট কমিউনিটি ক্লিনিকে টিকা দিতে যাওয়ার সময় মাকে অচেতন করে ৩ মাসের শিশুকন্যাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভোলা জেলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরপাতা গ্রামের চাকলাদার বাড়ির সুমিয়া বেগম তার ৩ মাসের শিশুকন্যা জিদনী বেগমকে টিকা দিতে যান। ক্লিনিকের কাছাকাছি গেলে এক বোরকাপরা নারী দুইশ টাকার একটি নোট সামনে ধরে জানতে চান এটি কত টাকার নোট? এর পরই তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় কোল থেকে শিশুকে নিয়ে দ্রুত সটকে পড়ে চক্রটি। তবে ওই চক্র মোটরসাইকেলে পালিয়ে গেছে।
শিশুকন্যার খোঁজে মা সুমিয়া বেগম পাগলের মতো হা-হুতাশ করতে থাকেন। ক্ষণে ক্ষণে তিনি জ্ঞান হারাচ্ছেন। মোবাইল ফোনে শিশুর ছবি দেখিয়ে বলতে থাকেন, তার জাদুকে (সন্তান) এনে দিতে। ওই নারীর তিন সন্তানের মধ্যে এটি ছোট।
ভোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন জানান, শিশুটির খোঁজে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। প্রত্যেক থানাকে অবহিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, এর আগেও ওই এলাকায় একইভাবে কয়েক নারীর গলা ও কানের স্বর্ণালংকার ছিনতাই করা হয়েছিল। এ চক্রকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মো: মহিউদ্দিন
ঠিকানা:
মিরপুর-১৪, ঢাকা-১২১৬
ফোন: +৮৮০১৭৬৬-৪৮৫৪৫৯
All rights reserved © 2025 Tnews24