প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
ঢাবিতে তরুণী নির্যাতনের অভিযোগ, সিসিটিভি চিত্রে যা জানা গেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে দুই তরুণী ও এক তরুণকে মারধর ও নির্যাতনের ঘটনায় জড়িত হিসেবে প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গণমাধ্যমে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার ভোর ৪টা ৫৩ মিনিটে টিএসসি এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে নামেন এক তরুণ ও তরুণী। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয়।
ফুটেজ অনুযায়ী, প্রথমে মোটরসাইকেলচালক তরুণের ওপর হামলা চালানো হয়। পরে ভুক্তভোগীদের পরিচিত আরও দুই তরুণী ও এক যুবক ঘটনাস্থলে এলে তাদেরও মারধর করা হয়। প্রায় ২৫ মিনিট ধরে চলা হামলায় হেলমেট, কিল-ঘুষি, লাঠি ও ‘ফ্লাইং কিক’ ব্যবহার করা হয়। দুই তরুণীর মাথায় হেলমেট দিয়ে একাধিকবার আঘাতের দৃশ্যও ক্যামেরায় ধরা পড়ে।
ভুক্তভোগীদের একজন জানান, তাকে কেন মারধর করা হয়েছে তা তিনি জানেন না। ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলেও তাৎক্ষণিক কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। পরে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রক্টোরিয়াল টিম দুই শিক্ষার্থীকে শনাক্ত করেছে। তারা হলেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার তুষার। ঘটনার পর থেকেই তারা পলাতক এবং তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, নারীদের ওপর হামলার ভিডিও প্রকাশ্যে আসায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: মহিউদ্দিন
ঠিকানা:
মিরপুর-১৪, ঢাকা-১২১৬
ফোন: +৮৮০১৭৬৬-৪৮৫৪৫৯
All rights reserved © 2025 Tnews24