পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ স্টেশনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একটি শিশুও রয়েছে। এ ছাড়া আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। খবর জিও নিউজের।
নিরাপত্তা কর্মকর্তাদের মতে, বান্নুর ডোমাইল পুলিশ স্টেশনকে লক্ষ্য করে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ সংশ্লিষ্ট জঙ্গিরা এই ব্যর্থ হামলা চালায়। হামলায় বেসামরিক পাঁচজন প্রাণ হারান এবং চারজন গুরুতরভাবে আহত হন।
আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রগুলো জানায়, ঘটনাস্থলে বর্তমানে নিরাপত্তা ও উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ সরানো, ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক এই সহিংসতার ঘটনাা নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক সন্ত্রাসবিরোধী অভিযানের পর ঘটলো। গত দুই দিনে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ২১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর।