‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমায় রইছ চরিত্রে অভিনয় করা অভিনেতা বিজয় চৌধুরী বেশ কিছুদিন ধরে অসুস্থ। সম্প্রতি হঠাৎ বুকে ব্যথা শুরু হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে। অভিনেতাকে বাসায় নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে সাবিদ বিন আবু আজাদ চৌধুরী। তিনি বলেন, ‘আব্বুর শরীর এখন আগের চেয়ে কিছুটা ভালো। এখন একটু একটু কথা বলতে পারছে, মুভমেন্ট করতে পারছেন। তবে এখনো শঙ্কামুক্ত নন।’ তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবে চেকআপের জন্য আবারও হাসপাতালে নিয়ে যেতে হবে।’ উল্লেখ্য, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে রইছ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান বিজয় চৌধুরী।