ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক সফল কাউন্সিলর এবং ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন।
নগর ভবনে আয়োজিত এই বৈঠকে ২৪ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন ২৪ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পরিচ্ছন্নতা জোরদারকরণ এবং রাতের আলোকায়নের সার্বিক চিত্র প্রশাসকের দৃষ্টিগোচর করেন। একই সঙ্গে সাধারণ নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এলাকার নাগরিক সমস্যার কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে শোনেন এবং তা দ্রুগ সমাধানের ইতিবাচক আশ্বাস দেন[1]। তিনি বলেন, “পুরান ঢাকার ঐতিহ্য বজায় রেখে প্রতিটি ওয়ার্ডে নাগরিক সুবিধা পৌঁছে দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নগরবাসীর সুপেয় পানি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পর্যায়ক্রমে সব উদ্যোগ গ্রহণ করা হবে।”
বৈঠক শেষে আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন বলেন, “২৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে আমি সব সময় পাশে ছিলাম এবং আছি। এলাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আমাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন।”
মতবিনিময়কালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।