ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৭ আসনের ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এলাকার উন্নয়নের ধারাবাহিকতায় এটি যুক্ত করল এক নতুন মাত্রা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিপণী বিতানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, “এই বিপণী বিতান নির্মাণের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য একটি সুন্দর, আধুনিক ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। এর ফলে এই এলাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটার পাশাপাশি স্থানীয় যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
জনগণের সার্বিক কল্যাণের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা জনগণের প্রয়োজনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছি। ঢাকা-৭ আসনের সার্বিক উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সেবা সুনিশ্চিত করতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।”
একটি আধুনিক ও উন্নত সংসদীয় আসন গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ইনশাআল্লাহ, সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ ঢাকা-৭ আসন।”
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।