• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

গাজীপুরে ব্যাটারির টাকা নিয়ে বিরোধে যুবক হত্যা, গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক / ২৯ ভিজিটর
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গাজীপুর মহানগরের পূবাইলে ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিশে নির্ধারিত জরিমানার টাকা নিয়ে বিরোধের জেরে জুয়েল (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশ।

পুলিশ জানায়, নিহত জুয়েল কিছুদিন ধরে ভাড়ায় ইজিবাইক চালাতেন। ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ জুলাই স্থানীয়ভাবে সালিশে ৪০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। পরদিন (২৬ জুলাই) সকালে ওই বিষয় নিয়ে কথা বলার জন্য জুয়েলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান অভিযুক্তরা।

অভিযোগ অনুযায়ী, পূবাইল থানার খিলগাঁও এলাকার একটি খালি জমিতে গাছের সঙ্গে জুয়েলের হাত-পা ও পেট রশি দিয়ে বেঁধে লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে প্রধান অভিযুক্ত চাঁন মিয়া ওরফে রিংকু ধারালো অস্ত্র দিয়ে জুয়েলের বুকে ও কাঁধের নিচে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা চায়না আক্তার বাদী হয়ে পূবাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর অভিযান চালিয়ে প্রধান আসামি চাঁন মিয়া ওরফে রিংকু (২৫), মো. রুবেল (২৮) এবং মো. সোহেলকে (৩৮) গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূবাইল থানার ওসি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ